Headlines

ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি. এস. রাও, অনুরাগ ধ্যানকরের মৃত্যুর পর দ্রুত সিদ্ধান্ত রাজ্য সরকারের

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক মৃত্যুর পর রাজ্য পুলিশের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নিল রাজ্য সরকার। সিনিয়র আইপিএস কর্মকর্তা জি. এস. রাও-কে ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি (হেড অব পুলিশ ফোর্স) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।সোমবার সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী, বর্তমানে অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি-এপি) পদে কর্মরত জি. এস. রাও (আইপিএস, ত্রিপুরা ক্যাডার-১৯৯৯) অবিলম্বে কার্যকরী ভিত্তিতে ডিজিপির দায়িত্ব পালন করবেন।সরকারি আদেশে জানানো হয়েছে, প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ফলে সৃষ্ট শূন্যপদে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এই নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা ক্যাডারের আইপিএস কর্মকর্তাদের জ্যেষ্ঠতার তালিকায় ষষ্ঠ স্থানে থাকা জি. এস. রাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্বে বহাল থাকবেন।রাজ্যপালের পক্ষে সাধারণ প্রশাসন (পার্সোনেল অ্যান্ড ট্রেনিং) দপ্তর থেকে এই নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।অনুরাগ ধ্যানকরের অকাল প্রয়াণে পুলিশ প্রশাসনে শোকের আবহের মধ্যেই বাহিনীর দৈনন্দিন প্রশাসনিক কাজ যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেই লক্ষ্যেই সরকার দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে। পূর্ণকালীন ডিজিপি নিয়োগের বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *