কৈলাসহর, ২২ জুলাই: দিল্লির যন্তর-মন্তরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে কৈলাসহর বিজেপি মণ্ডলের উদ্যোগে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।ঊনকোটি জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা বিজেপি সভাপতি বিমল কর, কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ, চণ্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি সভাপতি বিমল কর অভিযোগ করেন, আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টি, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং সামাজিক সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে প্রতিবাদের অধিকার থাকলেও তা অবশ্যই শান্তিপূর্ণ ও সাংবিধানিক সীমার মধ্যে হওয়া উচিত।অন্যদিকে, মণ্ডল সভাপতি প্রীতম ঘোষও আন্দোলনের নামে অরাজকতার সমালোচনা করে বলেন, দেশের ঐক্য, শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।প্রতিবাদ সভা শেষে বিজেপি নেতৃত্ব কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
দিল্লির ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে কৈলাসহরে বিজেপির বিক্ষোভ মিছিল
