Headlines

‘কথা ও কাজে মিল থাকলেই সমাজে প্রতিষ্ঠা’— সোনামুড়ায় বিজেপি কর্মীদের বার্তা অভিষেক দেব রায়ের

সোনামুড়া, ২২ জুলাই: “সমাজে প্রতিষ্ঠা তখনই পাবেন, যখন আপনি যা বলবেন এবং যা করবেন—দুটির মধ্যে মিল থাকবে।” এই বার্তাই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তুলে ধরলেন ত্রিপুরা বিজেপির নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়। বুধবার সিপাহিজলা জেলা দক্ষিণ সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিয়ে তিনি কর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান।প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংগঠনিক জেলা সফরে এসে অভিষেক দেব রায়কে উষ্ণ অভ্যর্থনা জানান দলীয় কর্মী-সমর্থকরা। নলছড় বিধানসভার জুমের ঢেপা এলাকা থেকে বাইক র‍্যালির মাধ্যমে তাঁকে সোনামুড়ায় নিয়ে আসা হয়।মেলাঘর জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে গুণ্ডিচা মন্দিরে পূজার্চনা করার পর তিনি সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় পৌঁছে কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। পরে টাউন হলে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে অংশ নেন।বৈঠকে প্রধান বক্তার ভাষণে অভিষেক দেব রায় বিজেপির আদর্শ, সংগঠনের নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, দলের নীতি ও আদর্শকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে প্রতিটি কর্মীকেই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও কথার সঙ্গে কাজের মিল রেখে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সহ-সভাপতি তাপস মজুমদার, সিপাহিজলা জেলা দক্ষিণের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে নলছড়, বক্সনগর, ধনপুর ও সোনামুড়া মণ্ডলের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *