মান্দাই, নিজস্ব প্রতিনিধি:মান্দাই বিধানসভা কেন্দ্রের হরেকৃষ্ণ গ্রামে পানীয় জলের তীব্র সংকট দূর করতে প্রায় দুই বছর আগে জনস্বাস্থ্য কারিগরি (ডি.ডব্লিউ.এস) দপ্তরের অর্থায়নে একটি পানীয় জলের পাম্প নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু নির্মাণকাজ কিছুদূর এগোনোর পরই রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ দুই বছর কেটে গেলেও প্রকল্পটির কাজ আর শুরু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার বিল না পাওয়ায় নির্মাণকাজ বন্ধ রয়েছে। ফলে পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানের আশায় থাকা গ্রামবাসীরা এখনও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।এলাকাবাসীর দাবি, ডি.ডব্লিউ.এস দপ্তর দ্রুত বকেয়া বিল সংক্রান্ত জটিলতা দূর করে নির্মাণকাজ পুনরায় শুরু করুক এবং প্রকল্পটি দ্রুত সম্পন্ন করে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করুক।এদিকে, স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মার কাছে এলাকাটি পরিদর্শন করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক প্রকল্প অচল হয়ে থাকায় সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
দুই বছরেও শেষ নয় পানীয় জলের পাম্প নির্মাণ, ডি.ডব্লিউ.এসের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মান্দাইবাসী
