Headlines

দ্রব্যমূল্যের আগুনে ক্ষোভ! ধর্মনগরে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল

ধর্মনগর, ৯ জুন: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ধর্মনগরে বিক্ষোভ মিছিলের আয়োজন করল সিপিআই(এম)। দুপুর ১২টা নাগাদ ধর্মনগর মহকুমা দপ্তর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় মহকুমা দপ্তরে এসে শেষ হয়।মিছিল চলাকালীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন বাম কর্মী-সমর্থকরা। পথচলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সরব হন তারা।সিপিআই(এম)-এর দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপের অভাবেই মানুষের দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেন দলের নেতারা।এ প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত বলেন, রাজ্যজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, ধর্মনগরের এই বিক্ষোভ মিছিল তারই অংশ। তিনি অভিযোগ করেন, লাগামছাড়া মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের নিত্যদিনের জীবনকে কঠিন করে তুলেছে। অবিলম্বে বাজারদর নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তিনি।এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়, পাশাপাশি ধর্মনগর শহরের পূর্ব, পশ্চিম ও উত্তর অঞ্চলের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ধর্মনগর শহরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *