ধর্মনগর জেলা হাসপাতাল থেকে মাত্র প্রায় ৫০ মিটার দূরে অবৈধভাবে দেশি মদের দোকান গড়ে ওঠার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে ক্ষুব্ধ এলাকার মহিলারা ওই দোকানে গিয়ে মদসহ বিভিন্ন সামগ্রী বের করে ফেলে দেন এবং দোকানে ভাঙচুর চালান বলে অভিযোগ।জানা গেছে, সকাল আনুমানিক ৯টা নাগাদ এলাকার প্রমিলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে দোকানে মদসহ বিভিন্ন সামগ্রী দেখতে পান। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মদের দোকানগুলির কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে শিশু, ছাত্রছাত্রী ও বয়স্ক মহিলাদের ওই রাস্তা দিয়ে চলাচলে সমস্যায় পড়তে হয়। নিরাপত্তার কারণে অনেকেই ওই রাস্তা এড়িয়ে চলেন বলেও দাবি তাঁদের।স্থানীয়দের আরও অভিযোগ, ভাঙচুর করা দোকানগুলির অধিকাংশই সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছিল। জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এত কাছে কীভাবে এই ধরনের দোকান চলছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। অবৈধ মদের দোকান এবং সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।
ধর্মনগরে জেলা হাসপাতালের কাছে মদের দোকান ঘিরে ক্ষোভ, ভাঙচুর মহিলাদের
