ধর্মনগর, ২১ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে নেমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ধর্মনগর থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই ধর্মনগরের জেল রোড সংলগ্ন ছাড়ারপাড় এলাকার বাসিন্দা টিটু দাসকে বাবুল ভাজপাড়, রঞ্জিত ভাজপাড় এবং প্রণয় দাস নামে তিন ব্যক্তি জোর করে তুলে নিয়ে যান। পরে তাঁকে শারীরিকভাবে মারধর করা হয় বলে অভিযোগ।পরিবারের দাবি, মারধরের পর গুরুতর আহত অবস্থায় টিটু দাসকে তাঁর বাড়ির সামনে একটি কালভার্টের পাশে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বাড়ি ফেরেন।পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবুল ভাজপাড়, রঞ্জিত ভাজপাড় এবং প্রণয় দাসকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগগুলো তদন্তাধীন, এবং ঘটনার প্রকৃত কারণ ও পটভূমি সম্পর্কে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ধর্মনগরে যুবক অপহরণ করে মারধরের অভিযোগ, পুলিশের জালে ৩ অভিযুক্ত
