উদয়পুর: কৃষিজমিতে ধান কাটার কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক কৃষক। ধান কাটার মেশিনে হাত ঢুকে গুরুতরভাবে জখম হয়েছেন সাগর মানিক জমাতিয়া। তিনি উদয়পুরের দক্ষিণ মহারানী এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও কৃষিকাজের উদ্দেশ্যে জমিতে গিয়েছিলেন সাগর মানিক জমাতিয়া। সেখানে কাজ করার সময় আচমকাই তাঁর হাত ধান কাটার মেশিনে ঢুকে যায়। মুহূর্তের মধ্যে গুরুতর জখম হন তিনি। তাঁর চিৎকার শুনে আশপাশের জমিতে কাজ করতে থাকা অন্যান্য কৃষকরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।এরপর স্থানীয় কৃষক ও পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন। আঘাতের গুরুত্ব বিবেচনা করে তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।কৃষিকাজ করতে গিয়ে এমন দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। ধান কাটার মেশিনসহ বিভিন্ন কৃষিযন্ত্র ব্যবহারের সময় সামান্য অসতর্কতাও যে বড় বিপদের কারণ হতে পারে, এই ঘটনা ফের তা মনে করিয়ে দিল। তবে বর্তমানে সাগর মানিক জমাতিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
ধান কাটার মেশিনে হাত ঢুকে গুরুতর আহত সাগর, জিবি হাসপাতালে রেফার
