Headlines

‘নারী শক্তির বন্দনা, সম্প্রীতির বার্তা’—সূর্যমণিনগরে জনতা মিলন মেলা ২০২৬

আসন্ন দুর্গাপূজা ও কালীপূজাকে সামনে রেখে উৎসবের আবহে জমে উঠল সূর্যমণিনগরের ‘জনতা মিলন মেলা উৎসব ২০২৬’। ১৮ নম্বর সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল কমিটি ও মহিলা মোর্চার উদ্যোগে আগরতলার মলয়নগর বাইপাস হাউসিং কমপ্লেক্সের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল, প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্যী, মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী দাস, রাজ্য সম্পাদক কমল দে-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এলাকার বিভিন্ন স্তরের মানুষও উৎসবের আবহে এই মিলনমেলায় অংশ নেন।বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন, মা দুর্গা ও মা কালী মাতৃশক্তি এবং নারী শক্তির প্রতীক। তাঁদের আগমনের মূল তাৎপর্য অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সঞ্চার। মায়ের আগমনের মধ্য দিয়ে মানুষের মনে নতুন আশার সৃষ্টি হয় এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে।সূর্যমণিনগরের নারীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এলাকার মহিলারাও একেকজন দুর্গা ও কালী শক্তির প্রতীক। তাঁদের সম্মান ও বন্দনার উদ্দেশ্যেই এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। নারী শক্তির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই অনুষ্ঠান সকলের মিলন ও সম্প্রীতির ক্ষেত্র হয়ে উঠেছে।রামপ্রসাদ পাল আরও বলেন, আসন্ন দুর্গাপূজা ও কালীপূজা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে আনন্দের সঙ্গে উদযাপন করতে হবে। সমাজে যেন কোনো বিভেদ, ঘৃণা বা অমঙ্গল না থাকে। সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের সম্মান, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।উৎসবের প্রাক্কালে আয়োজিত এই জনতা মিলন মেলা তাই শুধুমাত্র আনন্দ-উৎসবের অনুষ্ঠান নয়; নারী শক্তির প্রতি শ্রদ্ধা, সামাজিক সম্প্রীতি এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার বার্তাও বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *