দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা এলাকায় সরকারি কাজের টেন্ডার ও কথিত ‘নিকো বাণিজ্য’কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং হামলার অভিযোগকে ঘিরে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ উঠেছে, বাইখোড়া এলাকার চড়কবাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নারায়ণ শীল, বিজেপির দক্ষিণ জেলা কমিটির সদস্য মনীন্দ্র বিশ্বাস, বিধান মিত্রসহ কয়েকজন সরকারি কাজের টেন্ডারকে কেন্দ্র করে ‘নিকো বাণিজ্য’ চালিয়ে যাচ্ছেন। অভিযোগকারীদের দাবি, এর ফলে সরকারি উন্নয়নমূলক কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।এদিকে, স্থানীয় ঠিকাদার সুপ্রিয় দত্তের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার সকালে একটি টেন্ডার প্রত্যাহার করানোর উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে হামলা চালান এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। সুপ্রিয় দত্তের ভাই দাবি করেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে কাজ করে আসছে এবং পরিবারের সদস্যরা দেশের স্বার্থে আত্মত্যাগও করেছেন। বর্তমানে টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে তারা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও অভিযোগ করেন।ঘটনাকে কেন্দ্র করে জোলাইবাড়ী মণ্ডলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন একাংশের স্থানীয় বাসিন্দারা। তারা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারী পক্ষের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষ।
‘নিকো বাণিজ্য’ ঘিরে উত্তপ্ত জোলাইবাড়ী! টেন্ডারকে কেন্দ্র করে হামলার অভিযোগ, তদন্তের দাবি
