বিলোনিয়া, ১৩ জুলাই: দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সমস্যায় নাজেহাল দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের সাধারণ মানুষ। বিশেষ করে ১ নম্বর টিলা, হাসপাতাল কর্নার থেকে স্টেট ব্যাংক এলাকা পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকছে। এতে অফিসগামী কর্মী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে পর্যাপ্ত নজরদারির অভাব এবং নিয়ম কার্যকরভাবে প্রয়োগ না হওয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তাঁদের দাবি, ব্যস্ততম এলাকাগুলোতে ট্রাফিক কর্মী মোতায়েন থাকলেও অনেক সময় কার্যকরভাবে যান নিয়ন্ত্রণ করতে দেখা যায় না।বাসিন্দাদের আরও অভিযোগ, বিভিন্ন রুটের অটোরিকশা যত্রতত্র যাত্রী ওঠানামা করায় যানজট আরও বাড়ছে। পাশাপাশি বড় মালবাহী যানবাহনের রাস্তার ওপরেই পণ্য ওঠানামার কারণেও দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হচ্ছে।স্থানীয়দের দাবি, কিছুদিন আগে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণে নতুন কিছু নিয়ম চালু করা হলেও বর্তমানে সেগুলির বাস্তবায়ন ও তদারকি প্রায় দেখা যাচ্ছে না। ফলে নিয়ম ভঙ্গের প্রবণতাও বেড়েছে বলে অভিযোগ।শহরবাসীর দাবি, যানজট নিরসনে নিয়মিত ট্রাফিক নজরদারি, অবৈধ পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণ এবং মালবাহী গাড়ির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণসহ কার্যকর ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হোক।এদিকে, এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন শহরবাসীর নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।
নিত্যদিনের যানজটে অতিষ্ঠ বিলোনিয়াবাসী, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন
