Headlines

পশুসম্পদ স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক উদ্যোগ, আগরতলায় রাজ্যস্তরের সেমিনার

আগরতলা, ৭ জুলাই: পশুসম্পদের রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হলো রাজ্যস্তরের এক গুরুত্বপূর্ণ সেমিনার। “পশুসম্পদ স্বাস্থ্য সুরক্ষা: রোগ প্রতিরোধ, নজরদারি ও নিয়ন্ত্রণে উদ্ভাবনী উদ্যোগ” শীর্ষক এই দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করেন এআরডিডি সচিব দীপা ডি. নায়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআরডিডি অধিকর্তা ড. এন. কে. চঞ্চলসহ রাজ্য ও বাইরের বিভিন্ন বিশেষজ্ঞ।উদ্বোধনী বক্তব্যে দীপা ডি. নায়ার জানান, গত পাঁচ বছরে ত্রিপুরায় পশুপালন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সেই সঙ্গে প্রাণীদের নতুন নতুন রোগের ঝুঁকিও বেড়েছে। তাই পশুচিকিৎসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের আধুনিক প্রযুক্তি, রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষিত করতেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে।তিনি আরও বলেন, পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ (জুনোটিক ডিজিজ) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আসামসহ বিভিন্ন রাজ্য থেকে আগত বিশেষজ্ঞরা সেমিনারে অংশ নিয়ে আধুনিক রোগ নজরদারি, চিকিৎসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।দিনব্যাপী এই সেমিনারে পশুচিকিৎসক, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, সরকারি আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় আধুনিক প্রযুক্তিনির্ভর রোগ পর্যবেক্ষণ ব্যবস্থা, কার্যকর নিয়ন্ত্রণ কৌশল, পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *