দক্ষিণ ঘিলাতলী, ছনখলা: সরকারি জমি ও সার্বজনীন রাস্তা সংক্রান্ত জটিলতা নিরসনে নির্ধারিত সীমানা চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু করেও শেষ পর্যন্ত তা স্থগিত রাখতে বাধ্য হল প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টা থেকে দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় জমি পরিমাপের কাজ শুরু হয়। তবে দ্বিতীয় পক্ষ টিআরপিসি চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়া দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে যায় এই প্রক্রিয়া।প্রশাসন সূত্রে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী জমি মাপজোকের কাজ শুরু করা হয়েছিল। তেলিয়ামুড়া মহকুমা শাসক জানান, পাতাল কন্যা জমাতিয়াকে লিখিত নোটিশ দেওয়ার পাশাপাশি ফোনের মাধ্যমেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করার পরও সীমানা নির্ধারণের কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।এদিকে, সাধারণ মানুষের যাতায়াতের স্বার্থে সার্বজনীন রাস্তা উন্মুক্ত রাখার বিষয়ে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। মহকুমা শাসক স্পষ্ট জানিয়ে দেন, এই রাস্তা কোনওভাবেই বন্ধ করা যাবে না। ভবিষ্যতে কেউ ফের রাস্তা আটকে বেড়া দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।জমি ও রাস্তা নিয়ে দীর্ঘদিনের জটিলতার মধ্যে প্রশাসনের এই অবস্থান স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাতাল কন্যার অনুপস্থিতিতে জমি মাপজোক স্থগিত, রাস্তা খোলা রাখার নির্দেশ প্রশাসনের
