তীব্র পানীয় জলের সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কচুছড়া এলাকা। দীর্ঘদিন ধরে জল সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বুধবার আমবাসা-কমলপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। ফলে এলাকার দ্বিতীয় লাইফলাইন হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়।স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই এলাকায় পানীয় জলের চরম সংকট চলছে। বারবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বাধ্য হয়েই এদিন কলসি, বালতি হাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকাবাসী।পথ অবরোধের জেরে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে যাত্রীবাহী গাড়ি, স্কুলবাস ও জরুরি পরিষেবার যানবাহনও। চরম দুর্ভোগে পড়েন সাধারণ পথচারী ও নিত্যযাত্রীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা।প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও আন্দোলনকারীরা স্থায়ী সমাধানের দাবিতে অনড় থাকেন। এলাকাবাসীর বক্তব্য, অবিলম্বে পানীয় জলের সঠিক ব্যবস্থা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।ঘটনাকে কেন্দ্র করে কচুছড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পানীয় জলের দাবিতে কচুছড়ায় পথ অবরোধ, স্তব্ধ আমবাসা-কমলপুর সড়ক
