বাইখোড়া সবজি বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান কাইসোরাম রিয়াংয়ের উপর হামলার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, পেশায় মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াং মাংস নিয়ে বাইখোড়া বাজারে যাওয়ার সময় পেছন থেকে দুই যুবক তাঁর উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্তের দাবি, বাইখোড়া বাজারের মরিচ ব্যবসায়ী বিজন ও সুজন তাঁকে মারধর করেন। হামলায় তিনি গুরুতর আহত হন বলে দাবি তাঁর।আহত কাইসোরাম রিয়াংয়ের অভিযোগ, তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। কোনওরকমে সেখান থেকে প্রাণে বেঁচে তিনি বাইখোড়া থানায় পৌঁছে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ তাঁকে চিকিৎসার জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন।আক্রান্তের দাবি, এর আগে লক্ষ্মীছড়া বাজারে ব্যবসায়িক জায়গা নিয়ে বিজন বণিকের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জেরেই তাঁর উপর হামলা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।ঘটনার পর বাইখোড়া থানায় বিষয়টি জানানো হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহত ভিলেজ চেয়ারম্যান। তবে অভিযুক্ত দুই যুবকের বক্তব্য এখনও জানা যায়নি।ঘটনার তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দিকে তাকিয়ে স্থানীয়রা।
বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে মামলা
