Headlines

বিএসএফ পরিচয়ে দুই বছরের প্রতারণা! পানিসাগরে ব্যবসায়ীদের হাতে ধরা উত্তম চাকমা

পানিসাগর, ১ জুন: বিএসএফের কর্মী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাকে ঘিরে পানিসাগর বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, গত প্রায় দুই বছর ধরে পানিসাগর বাজার, চামটিলা, বিলথৈ এবং সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিএসএফের সদস্য বলে পরিচয় দিতেন। এই পরিচয়ের সুযোগ নিয়ে তিনি বিভিন্ন দোকান থেকে টাকা ধার নেওয়া, পণ্যসামগ্রী সংগ্রহ করা এবং নানা অজুহাতে ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায় করতেন বলে অভিযোগ।স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তি তার প্রতারণার শিকার হলেও তিনি কৌশলে আত্মগোপন করে ছিলেন। অবশেষে শনিবার ব্যবসায়ীরা তাকে শনাক্ত করে আটক করেন এবং পানিসাগর থানার পুলিশের হাতে তুলে দেন।অভিযুক্তের নাম উত্তম চাকমা। তিনি উনকোটি জেলার উজান মছমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনার পর প্রতারিত ব্যবসায়ীদের পক্ষ থেকে পানিসাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তদন্তে এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অভিযুক্তের বিরুদ্ধে অতীতে অনুরূপ অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয় মহলে এখন একটাই প্রশ্ন— পুলিশের তদন্তে কি সামনে আসবে আরও বড় প্রতারণা চক্রের তথ্য, নাকি এ ছিল এককভাবে পরিচালিত প্রতারণার ঘটনা? তদন্তের অগ্রগতির দিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *