Headlines

সার্ভার ডাউনে কলেজ ভর্তি নিয়ে ভোগান্তি! সময় বাড়ানোর দাবিতে উচ্চ শিক্ষা দপ্তরে এসএফআই-এর ডেপুটেশন

আগরতলা, ১ জুন: রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজে নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হলেও অনলাইন ফর্ম ফিলআপে প্রযুক্তিগত সমস্যার কারণে চরম ভোগান্তির মুখে পড়েছেন ছাত্র-ছাত্রীরা। ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের সার্ভার বারবার ডাউন থাকায় আবেদন জমা দিতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু পড়ুয়া।এই পরিস্থিতিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে সোমবার একটি প্রতিনিধিদল উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে অনলাইন ভর্তি প্রক্রিয়ায় উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান এবং শিক্ষার্থীদের স্বার্থে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।এসএফআই-এর পক্ষ থেকে বলা হয়, সার্ভার সমস্যার কারণে বহু ছাত্র-ছাত্রী নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ করতে পারছেন না। ফলে ভর্তি প্রক্রিয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে ফর্ম ফিলআপের সময়সীমা অন্তত আরও পাঁচ দিন বাড়ানোর দাবি জানানো হয়।সংগঠনের প্রতিনিধিরা উচ্চ শিক্ষা দপ্তরকে প্রযুক্তিগত ত্রুটি দ্রুত দূর করে ভর্তি প্রক্রিয়াকে স্বাভাবিক করার আহ্বান জানান। দপ্তরের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।এদিকে ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এখন দেখার বিষয়, উচ্চ শিক্ষা দপ্তর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সময়সীমা বৃদ্ধিসহ কী পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *