রাজ্যে বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুতের মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে বুধবার উদয়পুর বিদ্যুৎ দপ্তরের বিভাগীয় অফিসের সামনে গণধরনা কর্মসূচি পালন করল সিপিআই (এম-এল)।কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকরা বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, লোডশেডিং বন্ধ করা এবং গ্রাহকদের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।গণধরনায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআই (এম-এল)-এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার অভিযোগ করেন, বিদ্যুতের বিল নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। মাশুল বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে গ্রাহকদের কাছে এখনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।তাঁর বক্তব্য, একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং—দুইয়ের জেরে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলি সমস্যায় পড়ছে।এদিনের কর্মসূচি থেকে অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ মাশুল কমানোর দাবি জানানো হয়। পার্থ কর্মকার জানান, আগামী এক-দুই দিনের মধ্যে মাশুল কমানোর বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে দল।বিদ্যুৎ পরিষেবা ও মাশুলের বিষয়টি ঘিরে উদয়পুরে রাজনৈতিক মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে। আগামী দিনে এই ইস্যুতে আন্দোলন কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।
বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও লোডশেডিং: উদয়পুরে CPI(ML)-এর গণধরনা
