খোয়াই, ২ জুলাই: খোয়াই জেলার পহড়মুড়া কপালীপাড়ায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এক দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করতে তাঁর বাড়িতে পৌঁছাল কংগ্রেসের রাজ্য ও জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সমবেদনা জানান নেতারা এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি কমিটির চেয়ারম্যান নিরঞ্জন দাস, ওবিসি রাজ্য কমিটির চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, অসংগঠিত শ্রমিক সংগঠনের চেয়ারম্যান সান্তনু পাল, জেলা কমিটির সম্পাদক সুজিত দেব, তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ।কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বিদ্যুৎ লাইনে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। তাঁদের দাবি, কর্মীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম, পর্যাপ্ত প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মৃত শ্রমিকের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবিও জানানো হয়।
বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু! পরিবারকে সমবেদনা জানাতে বাড়িতে কংগ্রেস প্রতিনিধি দল
