বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও বেসরকারি নিরাপত্তারক্ষীর উপর হামলার চেষ্টার অভিযোগ উঠল এক মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ও বিশৃঙ্খলা তৈরি হয়।জানা গেছে, বিশালগড় ২ নম্বর গেট এলাকার এক যুবককে চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা পরিষেবা চলাকালীন ওই যুবক মদ্যপ অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাঁদের উপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তারক্ষীর অভাব নিয়েও প্রশ্ন উঠেছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে হাসপাতাল মহলে।এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্য আধিকারিক ডা. অরজিৎ সিংহা এ বিষয়ে কী ব্যবস্থা নেন, সেটিও দেখার বিষয়।
বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসককে হামলার চেষ্টা, মদ্যপ যুবকের তাণ্ডবে চাঞ্চল্য
