ঊনকোটি: ফের প্রকাশ্যে এল ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র। প্রসবের আগেই মৃত্যু হলো ২৪ বছরের এক প্রসূতি মা ও তাঁর গর্ভস্থ সন্তানের। ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা পরিষেবা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ।পরিবারের অভিযোগ, দীর্ঘদিন মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রসূতি নুর জাহানারা বেগম। প্রসবের শেষ মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা পাওয়া যায়নি বলে দাবি পরিবারের। পরে তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে প্রয়োজনীয় প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় চিকিৎসা জটিল হয়ে পড়ে বলে অভিযোগ।পরিবারের কর্তা লায়েক আলি-র অভিযোগ, চিকিৎসার গাফিলতি এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব—দুইয়ের জেরেই প্রাণ হারিয়েছেন তাঁর স্ত্রী ও অনাগত সন্তান।ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সংকটজনক অবস্থায় থাকা প্রসূতিদের জন্য যদি জেলা হাসপাতালেই প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের দাবি সত্ত্বেও এমন মর্মান্তিক ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং জেলা হাসপাতালে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু! ফের প্রশ্নের মুখে ঊনকোটির স্বাস্থ্যব্যবস্থা
