আগরতলা, ৮ আগস্ট: রাহুল গান্ধীর বক্তব্য সরাসরি সম্প্রচারের জন্য আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে LED স্ক্রিন বসানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হলেও পুলিশের আপত্তি ঘিরে উত্তেজনা দেখা দেয়।আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ছাত্রদের গুঞ্জন’ কর্মসূচি রয়েছে। বিকেল ৫টায় ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ও চাকরির সমস্যা নিয়ে তাঁর বক্তব্য রাখার কথা রয়েছে।রাহুল গান্ধীর সেই বক্তব্য রাজ্যের বিভিন্ন এলাকায় LED স্ক্রিনের মাধ্যমে সাধারণ মানুষ ও যুবকদের দেখানোর উদ্যোগ নিয়েছে যুব কংগ্রেস। সেই কর্মসূচির অংশ হিসেবে শহরের সিটি সেন্টারের সামনেও LED স্ক্রিন বসানোর প্রস্তুতি নেওয়া হয়।যুব কংগ্রেস নেতাদের অভিযোগ, দুপুরে পুলিশ এসে রাস্তার পাশে LED স্ক্রিন বসানোর জন্য পুর নিগমের অনুমতি নেওয়ার কথা জানায়। এ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, এর আগে এ ধরনের কর্মসূচির ক্ষেত্রে পুর নিগমের অনুমতির প্রয়োজন হয়নি, তাহলে এবার কেন এই অনুমতির কথা বলা হচ্ছে?ঘটনাকে কেন্দ্র করে সেখানে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণসহ অন্যান্য নেতৃত্বের।পুলিশের আপত্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সুদীপ রায় বর্মণ বলেন, “বুলডোজার চালান আমার উপর দিয়া।” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে রাহুল গান্ধীর বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
“বুলডোজার চালান আমার উপর দিয়ে”—LED স্ক্রিন ঘিরে পুলিশের আপত্তিতে সুদীপ রায় বর্মণ
