প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই বুধবার উদয়পুর জেলা কংগ্রেস ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে এক গণ-ধর্না কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আশা কর্মী, মিড-ডে মিল কর্মী, ডিডিটি শ্রমিকসহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা অংশ নেন।আন্দোলনকারীরা দীর্ঘদিনের বকেয়া দাবি, মজুরি বৃদ্ধি এবং দ্রুত চাকরি নিয়মিতকরণ (স্থায়ীকরণ)-এর দাবিতে সরব হন। পাশাপাশি রাজ্যে সিএনজি, রান্নার গ্যাস, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদও জানান তাঁরা।ধর্না কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করেন, মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তিনি দাবি করেন, অসংগঠিত শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি শান্তনু পাল, ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য সভাপতি মনোরঞ্জন দেবনাথ, ছাত্র নেতা আমির হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।প্রবল বর্ষণের মধ্যেও বিপুল সংখ্যক শ্রমিকের উপস্থিতি কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ করে তোলে। আন্দোলনকারীদের আশা, তাঁদের দাবিগুলি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
বৃষ্টিকে উপেক্ষা করে উদয়পুরে কংগ্রেসের গণ-ধর্না, মজুরি বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে সরব শ্রমিকরা
