বেহাল রাস্তা ও যাতায়াতের অযোগ্য কালভার্ট মেরামতের দাবিতে সরব হলেন মান্দাই বিধানসভা কেন্দ্রের উত্তর মদন কোবরা এলাকার বাসিন্দারা। দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ।স্থানীয়দের অভিযোগ, ডাকদু তুইসা সাব-জোনালের লক্ষ্মীপুর ভিলেজ কমিটির অন্তর্গত এলাকায় একটি বক্স কালভার্ট নির্মাণ করা হলেও তার দু’পাশে পর্যাপ্ত মাটি না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ইতিমধ্যে ওই এলাকায় একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে দাবি বাসিন্দাদের।অভিযোগ, সমস্যার কথা জানানো হলে ব্লক প্রশাসন এলাকা পরিদর্শন করে কালভার্টের দু’পাশ মেরামত এবং রাস্তা সংস্কারের পরামর্শ দেয়। এরপর প্রায় এক বছর আগে জোনাল চেয়ারম্যান দীনেশ দেববর্মার কাছে ডেপুটেশন দেওয়া হলেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি।স্থানীয়দের আরও অভিযোগ, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে বাসিন্দারা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতের চেষ্টা করলেও দুর্ভোগ কমেনি।অবশেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ। দ্রুত বেহাল রাস্তা ও বিপজ্জনক কালভার্ট সংস্কার করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন তাঁরা।
বেহাল রাস্তা, বিপজ্জনক কালভার্ট—বছরভর দুর্ভোগে মদন কোবরার বাসিন্দারা, ক্ষোভ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে
