Headlines

ভিলেজ ভোটের গণনা ঘিরে বোকাফায় সর্বদলীয় বৈঠক, কড়া নজর প্রশাসনের

আগামী ৫ অক্টোবর ত্রিপুরা এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের ফল প্রকাশ। গণনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে শনিবার সন্ধ্যায় বোকাফা ব্লকের কনফারেন্স হলে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়।রিটার্নিং অফিসার তথা বোকাফা ব্লকের বিডিও মনোজ পালের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে গণনার বিভিন্ন নিয়ম ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোন ব্যালট পেপার বৈধ এবং কোনগুলি বাতিল হিসেবে গণ্য হবে, গণনা কেন্দ্রে প্রবেশের বিধিনিষেধ এবং ফল প্রকাশের পর কোনও ধরনের জমায়েত না করার বিষয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের অবহিত করা হয়।বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা। আইনি বিষয় ও গণনাকেন্দ্রিক বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত এবং মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস।রিটার্নিং অফিসার মনোজ পালের নেতৃত্বে ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে বৈঠকে জানানো হয়। আগামী ৫ অক্টোবরও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে গণনা ও ফল প্রকাশ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে। বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে গণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন রিটার্নিং অফিসার মনোজ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *