তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকে ভিলেজ কমিটি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ভোট শেষে হামলার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, সিল করা ব্যালট বাক্স জমা দিয়ে ফেরার পথে বিজেপি কর্মী সঞ্জয় দেববর্মা ও গাড়িচালক পরিমল দাসকে মারধর করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ মুড়া এডিসি ভিলেজের এনডিএ জোটের বিজেপি মনোনীত প্রার্থী তশীল দেববর্মার ভোটের সিল করা বাক্স মুঙ্গিয়াকামি ব্লকে জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়। এরপর ব্লক সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মা ও পরিমল দাসের উপর হামলার অভিযোগ ওঠে অগ্নিনির্বাপক দফতরের চতুর্থ শ্রেণির কর্মী লক্ষ্মীরঞ্জন দেববর্মার বিরুদ্ধে।অভিযোগ, রাস্তার উপর তাঁদের দাঁড় করিয়ে মারধর করা হয়। ঘটনায় দু’জনই আহত হন। পরে তাঁদের মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত প্রায় ৯টা নাগাদ উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা-সহ ২৯ কৃষ্ণপুর মণ্ডলের বিজেপি নেতৃত্ব। আহতদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাঁরা।পরবর্তীতে রাত প্রায় ১১টা নাগাদ মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি রাজ্য যুব মোর্চার স্বচ্ছ ভারত ইনচার্জ নির্মল দেবনাথ-সহ দলের একাংশ নেতৃত্ব জিবিপি হাসপাতালে পৌঁছন। আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তাঁরা।এদিকে, ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান মন্ত্রী বিকাশ দেববর্মা। তাঁর দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি তদন্তের পরই স্পষ্ট হবে। বর্তমানে আহত সঞ্জয় দেববর্মা ও পরিমল দাসের জিবিপি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ভোট শেষে মুঙ্গিয়াকামিতে হামলার অভিযোগ, গুরুতর আহত ২
