আগরতলা, নিজস্ব প্রতিনিধি:দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুকন্যা মনশ্রীর জীবন বাঁচাতে প্রয়োজন প্রায় ১৬ কোটি ৩৭ লক্ষ টাকার একটি বিশেষ ইনজেকশন। এই চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানালেন মনশ্রীর বাবা ধ্রুব চৌধুরী।রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ধ্রুব চৌধুরী জানান, দিল্লির এইমসের চিকিৎসক ডা. শেফালী গুলাটির পরামর্শ অনুযায়ী মনশ্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইনজেকশনের মূল্য প্রায় ১৬ কোটি ৩৭ লক্ষ টাকা। তিনি বলেন, ইনজেকশনের দাম ৯ কোটি টাকা—এমন যে তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে, তা সঠিক নয়।তিনি আরও জানান, সাধারণ মানুষের সহানুভূতি ও সহযোগিতায় ইতিমধ্যে ৪ কোটিরও বেশি টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসা সম্পন্ন করতে এখনও বিপুল অর্থের প্রয়োজন রয়েছে।ধ্রুব চৌধুরীর বক্তব্য, চিকিৎসকদের মতে এই ইনজেকশন দেওয়ার জন্য হাতে রয়েছে মাত্র এক মাস। তাই সময় শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা অত্যন্ত জরুরি।সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যবাসী, দেশবাসী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সমাজসেবী এবং শুভানুধ্যায়ীদের কাছে মনশ্রীর জীবন বাঁচাতে আন্তরিকভাবে এগিয়ে আসার আবেদন জানান। তাঁর আশা, সকলের সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে শিশুকন্যার চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
মনশ্রীকে বাঁচাতে দরকার ₹১৬.৩৭ কোটির ইনজেকশন, আগরতলা প্রেস ক্লাব থেকে আবেগঘন আবেদন বাবার
