শান্তিরবাজার, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক কলেজ পড়ুয়ার মোটরসাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি শুধু একটি বাইক চুরির ঘটনা নয়—রূপক বড়ুয়ার কাছে সেটি ছিল প্রয়াত বাবার শেষ স্মৃতি।জানা গেছে, শনিবার গভীর রাতে বাড়ির বারান্দা থেকে দুষ্কৃতীরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া বাইকটির নম্বর TR08F6492।রূপক বড়ুয়া জানান, তাঁর বাবা প্রয়াত অসীম বড়ুয়া মৃত্যুর আগে কলেজে যাতায়াতের সুবিধার জন্য শখ করে বাইকটি কিনে দিয়েছিলেন। বাবার মৃত্যুর পর সেটিই ছিল তাঁর সবচেয়ে মূল্যবান স্মৃতি। পাশাপাশি কলেজে যাওয়া এবং সংসারের দায়িত্ব পালনের ক্ষেত্রেও বাইকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।রূপকের দাবি, শনিবার রাতে বাইকটি বাড়ির বারান্দায় লক করে রাখা হয়েছিল। কিন্তু রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন সেটি আর সেখানে নেই। এরপরই শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং বাইকটি উদ্ধারের চেষ্টা চলছে।এদিকে, রূপক বড়ুয়া সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, কেউ যদি TR08F6492 নম্বরের বাইকটির সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে নিকটবর্তী থানায় অথবা শান্তিরবাজার থানায় দ্রুত খবর দেওয়ার জন্য।এই ঘটনায় স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে বাইকটি উদ্ধার করা হোক, যাতে রূপক তাঁর বাবার শেষ স্মৃতিচিহ্ন ফিরে পান।
বাবার শেষ স্মৃতির বাইক চুরি, কান্নায় ভেঙে পড়লেন কলেজ পড়ুয়া রূপক বড়ুয়া
