কৈলাসহর, ২৪ জুন: রাস্তার ধারে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে বুধবার বাবুরবাজার-হীরাছড়া মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার শতাধিক মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ধারে যত্রতত্র আবর্জনা ফেলা, মৃত গবাদি পশুর দেহ ফেলে রাখা এবং দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এলাকাজুড়ে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ মানুষ, পথচারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিত্যদিনের যাতায়াতে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ বাড়ছে।সড়ক অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন ও যাত্রী। পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কৈলাসহরের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা। পাশাপাশি ইরানি থানার অফিসার শ্রীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহুবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও দাবি করেন তারা।পরবর্তীতে প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর রাস্তার পাশের আবর্জনা দ্রুত অপসারণ এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। প্রশাসনের এই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।তবে স্থানীয় বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যা সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর গণআন্দোলনে সামিল হবেন তারা।এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার স্বার্থে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
ময়লার স্তূপে অতিষ্ঠ জনতা, বাবুরবাজার-হীরাছড়া সড়ক অবরোধে তীব্র বিক্ষোভ
