Headlines

মহিলা কমিশনে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা

আগরতলা, ১ জুলাই: বিভিন্ন নারী নির্যাতন ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বুধবার আগরতলায় মহিলা কমিশনের কার্যালয়ে বিক্ষোভে সামিল হন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রী ও কর্মীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যে একের পর এক নারী নির্যাতন, মহিলাদের উপর হামলা, অস্বাভাবিক মৃত্যু এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় মহিলা কমিশন কার্যকর ভূমিকা পালন করছে না। তাঁদের দাবি, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কমিশন ব্যর্থ হয়েছে।ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী অভিযোগ করে বলেন, রাজ্য মহিলা কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না এবং কমিশনের চেয়ারপার্সন শাসকদলের পক্ষে অবস্থান নিচ্ছেন। তিনি বিভিন্ন সাম্প্রতিক ঘটনায় কমিশনের নীরবতারও সমালোচনা করেন।বিক্ষোভের সময় মহিলা কমিশনের চেয়ারপার্সন কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পশ্চিম মহিলা থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা জানান, চেয়ারপার্সন উপস্থিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।তবে মহিলা কংগ্রেসের উত্থাপিত অভিযোগের বিষয়ে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *