Headlines

মাছ ধরতে গিয়ে নিখোঁজ! দ্বিতীয় দিনেও মেলেনি অমরজিৎ পালের খোঁজ, দেওনদীতে নামল ৩০ সদস্যের NDRF দল

কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেওনদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৪২ বছর বয়সী অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের মতো জোরকদমে চলছে উদ্ধার অভিযান। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।শুক্রবার সকালে কুমারঘাট থেকে ৩০ সদস্যের একটি NDRF দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। তাদের সঙ্গে মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল, অগ্নিনির্বাপক দপ্তর এবং টিএসআর-এর দুর্যোগ মোকাবিলা বাহিনী যৌথভাবে দেওনদীর বিভিন্ন অংশে তল্লাশি অভিযান চালাচ্ছে।উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় দেওনদীতে মাছ ধরতে গিয়ে প্রবল জলস্রোতে তলিয়ে নিখোঁজ হন অমরজিৎ পাল। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।দ্বিতীয় দিনেও ব্যাপক তল্লাশি চালিয়েও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান না মেলায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে এবং সম্ভাব্য সব এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।গোটা পরিস্থিতি নিয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকারী বাহিনী সমন্বিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *