Headlines

মাত্র তিন শিক্ষকেই চলছে স্কুল! শিক্ষক সংকটে কমলাসাগরের হরিশনগর বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা চাপে

আগরতলা, ১৫ জুলাই: শিক্ষক সংকটের জেরে দীর্ঘদিন ধরেই সমস্যার মুখে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। মাত্র তিনজন শিক্ষক নিয়ে চলছে গোটা বিদ্যালয়ের পাঠদান। ফলে একজন শিক্ষক ছুটিতে গেলেই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে একই পরিস্থিতিতে চলছে স্কুলটি। সীমিত সংখ্যক শিক্ষক নিয়ে একাধিক শ্রেণির পাঠদান, প্রশাসনিক কাজ এবং অন্যান্য দায়িত্ব সামলাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের।বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা জানান, মাত্র তিনজন শিক্ষক দিয়ে বিদ্যালয় পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কোনো শিক্ষক ছুটিতে থাকলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় বড় ধরনের সমস্যা তৈরি হয়।স্থানীয়দের দাবি, শিক্ষার মান বজায় রাখতে অবিলম্বে বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা প্রয়োজন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।এলাকাবাসী ও অভিভাবকদের আশা, বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষা দপ্তর দ্রুত উদ্যোগ নিয়ে শিক্ষক সংকট দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাভাবিক ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *