Headlines

মাত্র ১,০০০ টাকায় সোলার সুবিধা, ত্রিপুরার ১.৫ লক্ষ পরিবারকে বড় উপহার

আগরতলা, ২০ মে: পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে বড় পদক্ষেপ নিতে চলেছে ত্রিপুরা সরকার। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার আওতায় রাজ্যের প্রায় ১.৫ লক্ষ পরিবারকে মাত্র ১,০০০ টাকায় সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করলেন বিদ্যুৎমন্ত্রী Ratan Lal Nath।বুধবার আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে “রুফটপ সোলার পিভি সিস্টেম হ্যান্ডবুক” প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী জানান, যেসব পরিবার মাসে ৫০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের এই বিশেষ সুবিধার আওতায় আনা হবে। ইতিমধ্যেই প্রায় ১.৫ লক্ষ পরিবারকে চিহ্নিত করা হয়েছে এবং আগামী মাস থেকেই প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে ১৭ হাজারেরও বেশি মানুষ প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে প্রায় ৩,৫০০ পরিবার নিজেদের বাড়িতে সোলার ব্যবস্থা স্থাপনও করেছেন। তিনি জানান, ১ কিলোওয়াট সোলার সিস্টেমে সরকার ৩৩ হাজার টাকা, ২ কিলোওয়াটে ৬৬ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটে ৮৫,৮০০ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে।সরকারের লক্ষ্য, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে অতিরিক্ত ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা। পাশাপাশি জার্মান সংস্থা GIZ-এর সহযোগিতায় বিদ্যুৎ নিগমের আধিকারিক, ইঞ্জিনিয়ার ও বিক্রেতাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।মন্ত্রী আরও বলেন, “আগে মানুষ বিদ্যুতের বিল দিতেন, এখন সৌরবিদ্যুতের মাধ্যমে আয়ের সুযোগও তৈরি হচ্ছে। এই প্রকল্প মানুষের আর্থিক উন্নয়নের নতুন দিশা দেখাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *