মান্দাই ব্লকে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। ২৬টি ভিসিতে মোট ৩৩২টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন মান্দাই ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার পূজন সেন।বুধবার নমিনেশন পর্ব নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার জানান, মোট ৩৩২টি মনোনয়নের মধ্যে তিপ্রা মথার ১৯৮ জন, সিপিআইএমের ৮২ জন, বিজেপির ১১ জন এবং আইপিএফটির ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। পাশাপাশি ৩৫ জন স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন।রিটার্নিং অফিসার জানান, মনোনয়ন দাখিলের পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। বর্তমানে জমা পড়া মনোনয়নপত্রগুলির স্ক্রুটিনি বা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।নির্বাচনে একাধিক রাজনৈতিক দল সক্রিয়ভাবে অংশ নেওয়ায় নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে এলাকায় বিস্তর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে জানান পূজন সেন।মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর এখন প্রার্থীদের মনোনয়ন বৈধতা, চূড়ান্ত প্রার্থী তালিকা এবং পরবর্তী নির্বাচনী প্রচারের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
মান্দাইয়ে ৩৩২ মনোনয়ন! বামেদের ৮২, তিপ্রা মথার ১৯৮
