দীর্ঘদিন ধরে চলতে থাকা একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক সমস্যার প্রতিবাদে উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে মৌন আন্দোলনে সামিল হলেন ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এই আন্দোলনে অংশ নেয় বিপুল সংখ্যক পড়ুয়া।আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ, পরীক্ষায় অংশগ্রহণ করেও ফলাফলে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে। অনেকের ক্ষেত্রে একই বিষয়ে বারবার “ব্যাক” দেখানো হচ্ছে, আবার কেউ পরীক্ষায় উপস্থিত থাকা সত্ত্বেও ফলাফলে “অনুপস্থিত” হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে বলে অভিযোগ।পড়ুয়াদের আরও দাবি, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবে সাধারণ শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে গেলে দায় চাপানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপর, আর বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে দায় দেওয়া হচ্ছে কলেজ প্রশাসনকে। ফলে সমস্যার সমাধান না হয়ে হয়রানির শিকার হচ্ছেন ছাত্র-ছাত্রীরা।
মুখে কালো কাপড় বেঁধে উদয়পুর কলেজে এবিভিপি’র মৌন আন্দোলন, ক্ষোভে ফুঁসছে পড়ুয়ারা
