মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে আন্দোলন আরও জোরদার করল কংগ্রেস। কয়েকদিন আগে এই ঘটনার প্রতিবাদে থানার দ্বারস্থ হয়েছিল সিপিআই(এম)। এরপর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেয় কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে।প্রতিনিধি দলের সদস্যরা নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আশ্বাস দেন যে, আইনি লড়াই থেকে শুরু করে সামাজিকভাবে সব ধরনের সহযোগিতায় কংগ্রেস তাদের পাশে থাকবে। পাশাপাশি, অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।পরিদর্শনের সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন কংগ্রেসের বর্ষীয়ান বিধায়ক সুদীপ রায় বর্মন ভিডিও কলে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে জানান, নাবালিকার উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন।এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, জেলা এসসি চেয়ারম্যান লক্ষণ দাস, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হাবিল মিয়া, সোনামুড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি আব্দুর রাকিব, কংগ্রেস নেতা তাপস সাহা-সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব।
মেলাঘর নাবালিকা নির্যাতন: অভিযুক্তের গ্রেফতারের দাবিতে সরব কংগ্রেস, পাশে থাকার আশ্বাস সুদীপ রায় বর্মনের
