মেলাঘর: চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ মেলাঘর হাসপাতালে এলেও ন্যূনতম পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের। দীর্ঘদিন ধরে পাবলিক টয়লেট তালাবন্ধ এবং পানীয় জলের মেশিন অচল থাকার অভিযোগ উঠেছে।অভিযোগ, মেলাঘর পৌরসভার উদ্যোগে নির্মিত হাসপাতাল চত্বরে থাকা পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ। ফলে জরুরি প্রয়োজনে রোগী ও তাঁদের সঙ্গে আসা পরিজনদের সমস্যায় পড়তে হচ্ছে।একইভাবে, জল জীবন মিশনের অধীনে হাসপাতাল চত্বরে বসানো ওয়াটার এটিএম মেশিনটিও প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ বলে অভিযোগ। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় মেশিনটিতে ধুলোবালি জমে কার্যত অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে স্থানীয়দের দাবি।হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন শৌচাগার ও বিশুদ্ধ পানীয় জল ন্যূনতম পরিষেবার অন্তর্ভুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে এই দুই পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভ বাড়ছে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে।ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে তালাবন্ধ পাবলিক টয়লেট খুলে দেওয়ার পাশাপাশি অচল পানীয় জলের মেশিনটি মেরামত করে চালু করা হোক। সাধারণ মানুষের এই সমস্যার সমাধানে পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর।
মেলাঘর হাসপাতালে চিকিৎসার আগেই ভোগান্তি, টয়লেট-পানীয় জল বন্ধ
