আগরতলা, ১৫ জুলাই: প্রশাসনিক পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনমুখী করে তুলতে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘যোদ্ধা’ (YODDHA) ওয়েবসাইটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। একই অনুষ্ঠানে তিনি ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির মাধ্যমে ভার্চুয়ালভাবে রাজ্যের বিভিন্ন জেলার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন।বুধবার ত্রিপুরা ইনফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, প্রশাসনিক কর্তাব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার প্রশাসনিক পরিষেবাকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সহজে পৌঁছে দেওয়া এবং দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যেই ‘যোদ্ধা’ ওয়েবসাইট চালু করা হয়েছে।তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা জানাতে পারছেন। এতে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং দ্রুত সমস্যার সমাধান সম্ভব হবে।রাজ্য সরকার আগামী দিনেও প্রযুক্তিনির্ভর জনকল্যাণমূলক পরিষেবা সম্প্রসারণে অগ্রাধিকার দেবে বলেও অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী।
‘যোদ্ধা’ ওয়েবসাইটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’-তে সরাসরি শুনলেন মানুষের কথা
