জগন্নাথদেবের রথযাত্রার সমাপনী উপলক্ষে শুক্রবার ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার করইলং এলাকায় এক ভক্তিময় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন নির্মল সূত্রধরের বাসভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের ঐতিহ্যবাহী সোনার গৌরাঙ্গ পরম্পরার গুরু মাতা।গুরু মাতার আগমনকে ঘিরে সকাল থেকেই করইলংয়ে ভক্তদের ঢল নামে। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত সমবেত হয়ে হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা এবং ভজন-কীর্তনে অংশ নেন। পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।অনুষ্ঠানে গুরু মাতা উপস্থিত ভক্তদের আশীর্বাদ প্রদান করেন এবং ধর্ম, মানবতা, প্রেম ও সেবার আদর্শে জীবন পরিচালনার আহ্বান জানান। তিনি বিশেষভাবে ত্রিপুরার সর্বস্তরের মানুষের শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, ভগবান শ্রীজগন্নাথ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় ত্রিপুরার প্রতিটি পরিবার সুস্থ, সুখী ও সমৃদ্ধ হোক। পাশাপাশি সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানবিকতা এবং পারস্পরিক ভালোবাসা আরও সুদৃঢ় হোক বলেও তিনি প্রার্থনা করেন।ভক্তদের মতে, নবদ্বীপের প্রায় পাঁচ শতাব্দী প্রাচীন সোনার গৌরাঙ্গ পরম্পরা আজও ভক্তি, প্রেম ও মানবকল্যাণের বার্তা বহন করে চলেছে। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় গুরু মাতার এই ত্রিপুরা সফর ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।অনুষ্ঠানের শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। গুরু মাতার আশীর্বাদ ও ত্রিপুরাবাসীর মঙ্গলকামনার বার্তায় রথযাত্রার সমাপনী উৎসব আরও আধ্যাত্মিক ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
রথযাত্রার সমাপনীতে করইলংয়ে আধ্যাত্মিক মহোৎসব, ত্রিপুরাবাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় গুরু মাতার আশীর্বাদ
