আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রথযাত্রা দেখতে বাড়ির সবাই বাইরে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আগরতলার লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন সাহা পাড়ায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, সাহা পাড়ার বাসিন্দা জীবন বণিকের পরিবারের সদস্যরা রথযাত্রা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ অর্থ, সোনার গয়না-সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এরপরই তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করে। চুরির সঙ্গে কারা জড়িত এবং কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, উৎসবের সময় আবাসিক এলাকায় পুলিশি টহল আরও জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের চুরি ও লুটপাটের ঘটনা রোধ করা যায়।পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
রথ দেখতে গিয়ে সর্বস্ব খোয়াল পরিবার! লিচুবাগানে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক লুটপাট
