Headlines

রাতের অন্ধকারে কৈলাসহরে বিজেপি জেলা কমিটির সদস্যের দোকানে দুঃসাহসিক চুরি-ভাঙচুর, তদন্তে পুলিশ

ঊনকোটি জেলার কৈলাসহর শহরের হকার্স কর্নার এলাকায় রাতের অন্ধকারে এক দুঃসাহসিক চুরি ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত দোকানটি স্থানীয় দর্জি এবং বিজেপির ঊনকোটি জেলা কমিটির সক্রিয় সদস্য হিমাংশু দাসের।প্রায় ৪০ বছর ধরে হকার্স কর্নার এলাকায় কাপড় সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছেন হিমাংশু দাস। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে চুরির খবর পান। ঘটনাস্থলে এসে তিনি দেখেন দোকানের লোহার গ্রিল ও মূল দরজা ভাঙা। দোকান থেকে তিনটি সেলাই মেশিন, দশটি চেয়ার, দুই বান্ডিল কাপড়সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। পাশাপাশি সিলিং ফ্যান ও দোকানের অন্যান্য জিনিসপত্রও ভাঙচুর করা হয়েছে।খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে দোকান থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি পরিত্যক্ত জঙ্গল থেকে একটি সেলাই মেশিনের নিচের অংশ উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, আশপাশের দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।ঘটনার খবর পেয়ে বিজেপির ঊনকোটি জেলা সভাপতি বিমল করসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন এবং হিমাংশু দাসের সঙ্গে কথা বলেন।হিমাংশু দাস জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং অতীতের কঠিন সময়েও তাঁর দোকানে কখনও এমন ঘটনা ঘটেনি। তিনি বলেন, বর্তমানে নিজ দলের সরকার থাকা সত্ত্বেও এ ধরনের চুরি ও ভাঙচুরের ঘটনা তাঁকে গভীরভাবে হতাশ করেছে। তাঁর অভিযোগ, এটি শুধু চুরি নয়, দোকানে যেভাবে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে তাতে পরিকল্পিত হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।এই ঘটনায় কৈলাসহর শহরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *