আগরতলা, ১১ জুলাই: কমান্ডার জিপ ও ই-রিকশা (টমটম) চালকদের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাধানগর মোটর স্ট্যান্ড থেকে মোহনপুরগামী যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। প্রতিবাদে কমান্ডার জিপ চালকরা গাড়ির চাকা বন্ধ রাখেন। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে বাস চালকরাও যানবাহন চালাতে বিরত থাকেন।এর ফলে রাধানগর-মোহনপুর সড়কে দীর্ঘ সময় ধরে গণপরিবহন পরিষেবা ব্যাহত হয়। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। খোয়াই, কমলপুর, সিমনা, মোহনপুরসহ বিভিন্ন এলাকার প্রতিদিনের যাত্রীদের অনেকেই গন্তব্যে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হন।স্থানীয় সূত্রে জানা গেছে, কমান্ডার জিপ ও ই-রিকশা চালকদের মধ্যে বচসার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই জিপ চালকরা প্রতিবাদস্বরূপ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বাস চালকরাও একই অবস্থান গ্রহণ করেন।তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।ঘটনার জেরে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। দ্রুত সমস্যা সমাধান করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন যাত্রীরা।
রাধানগর-মোহনপুর সড়কে যান চলাচল অচল, জিপ-বাস চালকদের কর্মবিরতিতে ভোগান্তিতে যাত্রীরা
