আগামী ১৮ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত লাদাখে অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘৩০তম সিন্ধু দর্শন যাত্রা’ এবং ‘১ম সিন্ধু মহাকুম্ভ’। প্রতিবছরের মতো এবারও এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে ত্রিপুরার প্রতিনিধি দল। এই যাত্রার উদ্দেশ্য, গুরুত্ব এবং বিস্তারিত কর্মসূচি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরতে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে হিমালয় পরিবার ত্রিপুরা প্রদেশ।আগরতলা প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সিন্ধু দর্শন যাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি দেশের সাংস্কৃতিক ঐক্য, জাতীয় সংহতি এবং ভারতীয় সভ্যতার প্রাচীন ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।সংগঠনের সাধারণ সম্পাদক অমিত পোদ্দার জানান, ত্রিপুরা থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা লাদাখের বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থানে সফরের পাশাপাশি ‘সিন্ধু মহাকুম্ভ’-এর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এই যাত্রা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সাংস্কৃতিক বিনিময় এবং জাতীয় চেতনা আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, প্রতিবছরের মতো এবারও ত্রিপুরার প্রতিনিধি দল এই জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে রাজ্যের গৌরব বৃদ্ধি করবে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যাত্রায় আগ্রহীদের প্রয়োজনীয় তথ্য জানানো হয় এবং এই উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
“লাদাখে সিন্ধু দর্শন যাত্রায় যাচ্ছে ত্রিপুরার প্রতিনিধি দল, আগরতলায় সাংবাদিক সম্মেলনে বিস্তারিত কর্মসূচি ঘোষণা”
