নলছড়, ১ জুলাই: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে বুধবার সকাল থেকে নলছড় বিধানসভার লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। স্কুলের সামনে রাস্তায় বসে তারা অবিলম্বে পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানায়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে স্কুলে মোট ২২৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। অথচ শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। এর মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রায় ৬৪ জন শিক্ষার্থী রয়েছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে বলে অভিযোগ।সম্প্রতি বিদ্যালয়ের আরও একজন শিক্ষক বদলি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। এর প্রতিবাদেই বুধবার সকাল ৮টা থেকে স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা।বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, শিক্ষক সংকটের কারণে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনায় তারা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্রুত পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ না হলে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি আনা হয়েছে। তবে খবর লেখা পর্যন্ত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শিক্ষক সংকটে স্কুলে তালা, রাস্তায় বসে বিক্ষোভে ছাত্রছাত্রীরা
