Headlines

‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’— রামকৃষ্ণ মিশনের মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে রবিবার বিবেকানন্দ হলে ‘মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব’ শীর্ষক এক মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রায় ২৫০ জন অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষানুরাগী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের সম্পাদক স্বামী অমর্ত্যানন্দজী মহারাজ। তিনি বলেন, বর্তমান সময়ে সন্তানকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সফল পেশাজীবী হিসেবে গড়ে তোলাই যথেষ্ট নয়; বরং তাকে একজন সত্যনিষ্ঠ, চরিত্রবান, সহানুভূতিশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই অভিভাবকদের প্রধান দায়িত্ব।তিনি স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শনের আলোকে বলেন, প্রকৃত শিক্ষা কেবল তথ্য অর্জন নয়, মানুষের অন্তর্নিহিত মহত্বের বিকাশ। পরিবারই শিশুর প্রথম বিদ্যালয় এবং মা-বাবাই তার প্রথম শিক্ষক। তাই সন্তানদের সামনে অভিভাবকদের নিজেদের জীবনেই সততা, শৃঙ্খলা, ভদ্রতা, ধর্মীয় মূল্যবোধ ও সেবার আদর্শ তুলে ধরার আহ্বান জানান তিনি।স্বামী অমর্ত্যানন্দজী মহারাজ বর্তমান সময়ে মোবাইল ও প্রযুক্তির সংযত ব্যবহার, জীবনদক্ষতা (Life Skill), মানসিক দৃঢ়তা, আত্মসংযম এবং ভালোবাসা ও শৃঙ্খলার সুষম সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি নিয়মিত প্রার্থনা, মহাপুরুষদের জীবনচর্চা ও নৈতিক শিক্ষাকে শিশুর চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা সন্তান প্রতিপালন, চরিত্রগঠন, প্রযুক্তির প্রভাব এবং মূল্যবোধভিত্তিক শিক্ষা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। স্বামী অমর্ত্যানন্দজী মহারাজ বাস্তবসম্মত ও যুক্তিনিষ্ঠভাবে প্রশ্নগুলির উত্তর দেন।সম্মেলনের শেষে অংশগ্রহণকারী অভিভাবকরা ভবিষ্যতেও এ ধরনের মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলনের নিয়মিত আয়োজনের আহ্বান জানান এবং আলোচিত বিষয়গুলো পারিবারিক জীবনে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *