Headlines

সমীর দাস হত্যা মামলায় আদালত চত্বরে উত্তেজনা, কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

আগরতলা, ২৪ জুন: বহুল আলোচিত কাঠালিয়া সমীর দাস হত্যা মামলাকে কেন্দ্র করে বুধবার আগরতলা আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মামলার অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের এক নজর দেখতে আদালতে উপস্থিত হন এলাকার বহু বাসিন্দা এবং নিহত সমীর দাসের পরিবারের সদস্যরা।প্রত্যক্ষদর্শীদের মতে, আদালত চত্বরে ভিড় বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার স্বার্থে উপস্থিত জনতার একাংশকে আদালত প্রাঙ্গণ থেকে বাইরে বের করে দেওয়া হয়। এরপর আদালতের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা এবং নিহতের পরিবারের সমর্থকরা।বিক্ষোভকারীরা সমীর দাস হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাদের বক্তব্য, ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য আদালত চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।এসময় বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায় বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সমীর দাস হত্যা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এবং তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে নিহতের পরিবার ও সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *