Headlines

সম্পত্তির বিবাদে রক্তাক্ত কমলপুর! ছোট ভাই খুনের অভিযোগ, গ্রেফতার ৩

জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কমলপুর থানার বামনছড়া পঞ্চায়েতের গুরুচরণ গৌড়পাড়া এলাকায়। পরিবারের ছোট ছেলে জয় সিং গৌড় (৩৫)-কে খুনের অভিযোগ উঠেছে তাঁরই পরিবারের সদস্যদের বিরুদ্ধে।জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে অভিযোগ।শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কমলপুর মহকুমা পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক সৌরভ সেন, কমলপুর থানার ওসি সুমন আচার্যসহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পাশাপাশি ফরেনসিক দলের সদস্যরাও ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন।পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি ও তদন্তের অগ্রগতি খতিয়ে দেখেন ধলাই জেলার পুলিশ সুপার।ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন মৃতের পিতা সনু রাম গৌড় (৬৭), ভাই মিঠুন গৌড় (৩৯) এবং খুড়তুতো ভাই হরি চরন গৌড় (৩২)।এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে এবং কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *