দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মানুবনকুলে চালু হলো নবনির্মিত ফায়ার স্টেশন। অগ্নিকাণ্ড ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।রবিবার আয়োজিত অনুষ্ঠানে আগরতলা থেকে ভার্চুয়ালি ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, মানুবনকুলের এমডিসি শকাংজাওং মগ, সাব্রুম মহকুমার মহকুমা শাসক সুমন রক্ষিত-সহ পুলিশ, বন দফতরের আধিকারিক ও বিশিষ্টজনেরা।প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে ফায়ার বেল বাজিয়ে পরিষেবা চালুর প্রতীকী সূচনা এবং ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মেইনটেন্যান্স সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার তপন কুমার রায়।জানা গেছে, প্রায় ২ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ফায়ার স্টেশনটি ত্রিপুরার ৫২তম ফায়ার স্টেশন। এখানে রয়েছে ৫,০০০ লিটার ধারণক্ষমতার দুটি ওয়াটার টেন্ডার, যার প্রতিটির পাম্পিং ক্ষমতা প্রতি মিনিটে ৩,০০০ লিটার। দ্রুত উদ্ধারকার্যের জন্য রয়েছে একটি রেসকিউ টেন্ডারও।নতুন কেন্দ্রে প্রায় ২০ জন ফায়ার স্টাফ থেকে পরিষেবা প্রদান করতে পারবেন। ফলে মানুবনকুল, সাব্রুম ও সংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের অগ্নিনিরাপত্তা পরিষেবার প্রয়োজন অনেকটাই পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
সাব্রুমে অগ্নিনিরাপত্তায় নতুন অধ্যায়, উদ্বোধন মানুবনকুল ফায়ার স্টেশন
