Headlines

সাব্রুমে রহস্যজনকভাবে গুরুতর আহত জিআরএস কর্মী! বেপরোয়া অটোর ধাক্কার জল্পনা, তদন্তে পুলিশ

সাব্রুম, ২৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা ১ নম্বর ওয়ার্ড এলাকায় রহস্যজনকভাবে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হলেন ৪২ বছর বয়সী জিআরএস কর্মী বিপ্লব দে। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় তিনি আহত হয়ে থাকতে পারেন। তবে এই তথ্যের এখনও সরকারি বা পুলিশি নিশ্চিতকরণ মেলেনি।স্থানীয় বাসিন্দারা রাস্তায় আহত অবস্থায় বিপ্লব দেকে দেখতে পেয়ে সাব্রুম অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিপ্লব দে তাঁর কন্যাকে বাড়ির পাশের একটি অনুষ্ঠানবাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তবে ঠিক কীভাবে তিনি আহত হলেন, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ হাসপাতালে গিয়ে আহতের শারীরিক অবস্থার খোঁজ নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে। অন্য কোনো যানবাহন জড়িত ছিল কি না এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এই ঘটনার পর আবারও সাব্রুমে বেপরোয়া যান চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল করছে। কয়েক বছর আগে একই এলাকায় এক পথ দুর্ঘটনায় সাব্রুম মহাবিদ্যালয়ের এক অধ্যাপিকার মৃত্যু হয়েছিল। সেই মামলায় আদালত সম্প্রতি অভিযুক্তকে সাজা দিলেও, পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি বলে অভিযোগ।ঘটনার জেরে সুশীল সমাজ দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পারমিটবিহীন যাত্রীবাহী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর দাবি জানিয়েছে। একই সঙ্গে, বিপ্লব দে-র আহত হওয়ার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তেরও দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *