সাব্রুম, ২৯ জুন: দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে পানীয় জল ও স্যানিটেশন (DWS) ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মী অনুপস্থিতি ও কর্মসংস্কৃতির অবনতির অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, দপ্তরের কিছু কর্মচারীর অনিয়মিত উপস্থিতির কারণে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।স্থানীয় সূত্রের দাবি, নির্বাহী প্রকৌশলী দাপ্তরিক কাজে অফিসের বাইরে থাকলে কয়েকজন কর্মী পূর্বানুমতি ছাড়াই অফিসে অনুপস্থিত থাকেন। সোমবারও দপ্তরের অ্যাকাউন্টেন্ট কুলদীপ সিনোয়ার এবং কর্মচারী সুমন বিশ্বাস অফিসে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ উঠেছে। এতে বিল সংক্রান্ত কাজসহ একাধিক প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে বলে দাবি করা হয়েছে।অভিযোগকারীদের বক্তব্য, দপ্তরের বিভিন্ন কাজের জন্য আসা ঠিকাদার ও সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। একই সঙ্গে পানীয় জল পরিষেবা সম্পর্কিত বিভিন্ন সমস্যার দ্রুত নিষ্পত্তি না হওয়ায় জনভোগান্তি আরও বাড়ছে বলেও অভিযোগ।এলাকাবাসীর দাবি, বিষয়টি খতিয়ে দেখে দপ্তরে নিয়মিত উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।তবে এই অভিযোগের বিষয়ে DWS দপ্তর বা অভিযুক্ত কর্মীদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাব্রুম DWS দপ্তরে কর্মী অনুপস্থিতির অভিযোগ, পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ
